ভারতে ৭ দিনে সংক্রমণ বেড়েছে ৪০০ শতাংশ

ভারতে ব্যাপকহারে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত সাত দিনে দেশটিতে করোনার দৈনিক সংক্রমণ বেড়েছে ৪৩০.৮৩ শতাংশ। ২৮ ডিসেম্বরের পর থেকেই দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে শুরু করেছে।

২৮ ডিসেম্বর আক্রান্তের সংখ্যা ছিল ছয় হাজার ৩৫৮। এর মাত্র সাত দিন পর অর্থাৎ ৩ জানুয়ারি করোনা আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় পৌঁছেছে ৩৩ হাজার ৭৫০-এ। অর্থাৎ দৈনিক সংক্রমণ বেড়েছে প্রায় ৪৩১ শতাংশ।

মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মোট ১১,৮৭৭ জন আক্রান্ত হয়েছেন। এর পরেই জায়গা করে নিয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে এক দিনে মোট ৬ হাজার ১৫৩ জন আক্রান্ত হয়েছেন।

অবশ্য, আক্রান্তের সংখ্যা বাড়লেও, কমছে মৃত্যুর সংখ্যা কমছে। রবিবার দেশে মোট করোনায় মৃতের সংখ্যা ছিল ২৮৪ জন। কিন্তু সোমবার মৃতের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১২৩ জনে।

এদিকে হঠাৎ সংক্রমণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার (৩ জানুয়ারি) থেকে পশ্চিমবঙ্গ রাজ্যে নতুন করে বিধিনিষেধ জারি হচ্ছে। এই বিধিনিষেধ ১৫ জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে।

নির্দেশিকায় বলা হয়েছে, সোমবার ৩ জানুয়ারি থেকে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকবে। যারা এসব প্রতিষ্ঠানে প্রশাসনিক কাজকর্ম করেন তারা আসতে পারবেন। তবে একসঙ্গে ৫০ শতাংশের বেশি কর্মী কর্মস্থলে আসতে পারবেন না। 

একই নিয়ম রাজ্যের সব সরকারি এবং বেসরকারি অফিসেও চালু থাকবে। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। চলবে না কোনো যানবাহন। জরুরি প্রয়োজনে এই বিধিনিষেধে ছাড় দেওয়া হবে।