ভারতে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। ভারতে ব্যাপকহারে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত সাত দিনে দেশটিতে করোনার দৈনিক সংক্রমণ বেড়েছে ৪৩০.৮৩ শতাংশ। এ পরিস্থিতিতে নিয়ন্ত্রণে সোমবার (৩ জানুয়ারি) থেকে পশ্চিমবঙ্গ রাজ্যে নতুন করে বিধিনিষেধ জারি হচ্ছে। এই বিধিনিষেধ ১৫ জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে।
বিধিনিষেধে স্কুল-কলেজ পুরো বন্ধ করে দেওয়া হয়েছে, তেমনি বেশ কিছু ক্ষেত্রে রয়েছে ছাড়। নাইট কারফিউয়ের ফলে সাধারণ ভাবে দোকান বাজার সব কিছু রাত ১০টায় বন্ধ করে দিতে হবে। বাজারে একসঙ্গে ৫০ শতাংশের বেশি ক্রেতা থাকতে পারবে না। এ নির্দেশনা থেকে ধরে নেয়া হয়েছে মদের দোকান, পানশালা ও রেস্তরাঁ ৫০ শতাংশ ক্রেতা নিয়ে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।
এছাড়া, সিনেমা হল ৫০ শতাংশ দর্শক নিয়ে রাত ১০টা পর্যন্ত শো চালু রাখতে পারবে। শপিং মলগুলো সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকতে পারবে। তবে সেখানেও ৫০ শতাংশের বিষয়টি প্রযোজ্য।
পশ্চিমবঙ্গের মুখ্যসচিব বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি সুইমিং পুল, জিম, স্পা, বিউটি সেলুন এবং ওয়েলনেস সেন্টারগুলো বন্ধ থাকবে। সরকারি-বেসরকারি অফিসগুলো ৫০ শতাংশ জনবল নিয়ে কাজ করতে পারে। সব প্রশাসনিক বৈঠক ভার্চুয়ালি করতে হবে।
কলকাতার মেট্রো সার্ভিসগুলো ৫০ শতাংশ যাত্রী পরিবহন করবে। লোকাল ট্রেন সন্ধ্যা ৭টা পর্যন্ত চলতে পারবে। দূরপাল্লার ট্রেনগুলোকে অবশ্য স্বাভাবিকভাবে চলতে দেওয়া হবে।
পাবলিক প্লেসে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। মাস্ক না পরলে সরকার ব্যবস্থা নেবে। বেসরকারি কলকারখানা, চা-বাগানগুলোতে কর্মীদের টিকাকরণ ও কোভিড বিধি মেনে কাজ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।