বছরের প্রথম ছবি হিসেবে মুক্তি পাচ্ছে পূজা চেরী অভিনীত ‘শান’। একই সঙ্গে সিয়ামের সাথে আবারও জুটি বেঁধে নতুন ছবি প্রকাশ পাচ্ছে তার। জনপ্রিয় জুটির এই ফেরা প্রসঙ্গে পূজা বলেন, ‘দর্শকেরাই আমাদের এই চাহিদা তৈরি করেছেন। কৃতজ্ঞতা প্রথমে তাদেরকেই জানাতে হয়। আর আমাদের চেষ্টা ছিল সর্বোতভাবে। আমি আমার কো-আর্টিস্ট সিয়ামকে বিশেষ ধন্যবাদ দেবো। কারণ এত ডেডিকেটেড ফিল্মস্টার শুধু আমার দেখা না। বাংলাদেশেই কম আছেন। এটা ওর সাথে যারা যারা কাজ করেছেন তারা সবাই বলবেন।’
উল্লেখ্য, জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ‘পোড়ামন টু’ এর ব্যপক সফলতা’ই মূলত পূজা চেরীর ফিল্ম ক্যারিয়ারকে আরো সমৃদ্ধ করে তোলে।
এছাড়া এই ছবিটির নির্মাতা এম রাহিমের শান ছবিটি প্রথম চলচ্চিত্র হলেও জাজ মাল্টিমিডিয়ার একাধিক প্রডাকশনে সম্পৃক্ত ছিলেন এই মেধাবী নির্মাতা। মূল দায়িত্বে থেকে ছবিগুলোর প্রডাকশন তিনিই দেখেছেন। তাই নিজের মেধা আর অভিজ্ঞতার যেন পুরোটাই ঢেলে দিয়েছেন তিনি তার এই প্রথম ছবিতে।
নির্মাতা এম রাহিম প্রসঙ্গে পূজা বলেন, ‘ছবির শুটিং শেষে আমি যতবারই নির্মাতার খোঁজ নিতে ফোন বা টেক্সট করেছি। ততবারই শুনেছি তিনি কলকাতায়। আমার মনে হয় জীবনের অর্ধেকেরও বেশি সময় তিনি ব্যয় করেছেন কলকাতা শহরে। বিভিন্ন ছবির পোস্ট প্রডাকশনের কাজে। আমি নিজেকে খুব সৌভাগ্যবতী মনে করি এই কারণে যে, তার প্রথম ছবির নায়িকা আমি। কারন দেখবেন প্রত্যেক নির্মাতার প্রথম ছবিটার প্রতি আবেগ অনুভূতি বা চেষ্টাটা থাকে বেশি। নিজের যাবতীয় অভিজ্ঞতাগুলোই এই ছবিতে তিনি প্রয়োগ করেছেন। আর দর্শকদের শুধু এটুকুই বলবো নতুন বছরের ছবি হিসেবে ‘শান’ এর মতো এত এন্টারটেইনিং মুভির কোনো বিকল্প হয় না।
এর বাইরে পূজা চেরী সম্প্রতি এস এ হক অলীক পরিচালিত ‘গলুই’ ছবির কাজ শেষ করলেন। শাকিব খানের বিপরীতে তিনি এই ছবিতে কাজ করেছেন। এই প্রথম শাকিব খানের বিপরীতে কাজ প্রসঙ্গে পূজা বলেন, ‘অবশ্যই এত বড় তারকার সাথে কাজ করলে বাড়তি এক অভিজ্ঞতা যোগ হয়। আর ছবির গল্পটাও অসাধারণ। আর শাকিব খানের ভক্ত দর্শকদের সংখ্যাও অগণিত। তাদের কাছেও আমার নিজেকে পৌঁছানোরও একটা ব্যাপার রয়েছে। নিজে যেহেতু চলচ্চিত্রের জন্যই নিবিষ্ট থাকার চেষ্টা করছি। তাই এই ছবি দুটি আমার ক্যারিয়ারের জন্যও ভীষণ গুরুত্বপূর্ণ।’
উল্লেখ্য, চিত্রনায়িকা পূজা চেরী নিজেকে ফিল্মস্টার হিসেবেই প্রতিষ্ঠা করতে চান বলে অনেক নাটকের কাজ ফিরিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে এই ওটিটির যুগে ওয়েব সিরিজের কাজের অফারে পূজা কী করবেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘না এখন তো অনেক প্রতিষ্ঠিত চিত্রতারকা’ই কাজ করছেন ওয়েব সিরিজে। আসলে গল্প আর এর প্রডাকশনটা খুব গুরুত্বপূর্ণ। নির্মানের টীম আর গল্প ভালো হলে আমি মনে করি তা এখন ফুললেম্হ সিনেমার মতোই মূল্যায়ন করে মানুষ।
অ্যাকশন-থ্রিলারধর্মী ‘শান’ সিনেমাটি নির্মান করেছেন এম রাহিম। এতে সিয়াম-পূজা ছাড়াও অভিনয় করেছেন তাসকিন, চম্পা, অরুণা বিশ্বাস, হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডন, আরমান পারভেজ মুরাদ প্রমুখ।