মমতাজের বাড়িতে শেষ হলো ৩ দিনব্যাপী মধুর মেলা 

আন্তর্জাতিক জনপ্রিয় ফোক শিল্পী সংসদ সদস্য মমতাজ বেগমের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ভাকুম গ্রামে গত সোমবার ভোর রাত পর্যন্ত শেষ হলো তিনদিনব্যাপী মধুর মেলা। প্রয়াত পিতা আধ্যাত্মিক বাউল শিল্পী মধু বয়াতির স্মরণে প্রতিবছর এ মেলার আয়োজন করে থাকেন এই ফোক সম্রাজ্ঞী। 

এই মেলায় রাত দিন চলে বাংলাদেশের বিখ্যাত বাউল শিল্পীদের লোক সংস্কৃতি গানের পালা। সেই সঙ্গে চলে ভাব বৈঠকি ও বিচ্ছেদ গানের আসর। এছাড়া বাদ্যের তালে তালে মমতাজ বেগম ও তার দুই কন্যা রোজ এবং রোজি গান গেয়ে দর্শকদের মনে জায়গা করে নেন। মানিকগঞ্জ তথা আশ পাশ জেলার লোক এ উৎসবে যোগ দেন। উৎসবকে ঘিরে ভাকুম গ্রামে মধু-উজালা বাউল কমপ্লেক্স চত্তরে হাজার হাজার লোকের যেমন সমাগম ঘটে, তেমনি ঢাকার বিশিষ্ট সংস্কৃতিমনা ব্যাক্তি, জাতীয় পর্যায়ের নেতা,সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা  ও গণমাধ্যম ব্যক্তিরা অংশ গ্রহণ করেন।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী আলহাজ জাহিদ মালেক স্বপন প্রধান অতিথি হিসেবে গত শনিবার এ মেলার শুভ উদ্বোধন করেন এবং সোমবার শেষের দিন নাট্য ব্যক্তিত্ব অসাদুজ্জামান নুর এমপি উপস্থিত ছিলেন। মানিকগঞ্জ জেলা প্রশাসক আ্দুল লতিফ,জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, জেলা আওয়ামীলীগের সেক্রেটারি এ্যাডভোকেট আব্দুস সালাম পিপি, সহকারি পুলিশ সুপার সিংগাইর সার্কেলের মোহাম্মদ রেজাউল হক, সিংগাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, পৌর সভার মেয়র আবু নাঈম মো. বাশার, ইউএনও রুনা লায়লা, এসিল্যান্ড শামা লাবিবা অর্ণব, থানার ওসি শফিকুল ইসলাম মোল্ল্যা প্রমুখ উপস্থিত ছিলেন।