রেকর্ডসংখ্যক নারী জায়গা পেয়েছেন নেদারল্যান্ডসের আসন্ন জোট সরকারে। ২০ মন্ত্রীর ১০ জনই নারী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
গত রবিবার প্রকাশিত মন্ত্রিসভার তালিকায় দেখা যায়, ২০ মন্ত্রীর মধ্যে ১০ জনই নারী। সেইসঙ্গে ২৯ মন্ত্রী ও উপমন্ত্রীর মধ্যে ১৪ জনই নারী।
আল জাজিরা জানায়, সরকার গঠনেও এবার রেকর্ড করেছে নেদারল্যান্ডস। দেশটিতে নির্বাচনের ২৭১ দিন পর গত ডিসেম্বরে জোট সরকার গঠনের বিষয়ে সম্মত হয় চারটি দল।
মার্ক রুট্টে চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। প্রকাশিত তালিকা অনুযায়ী, তুর্কি বংশোদ্ভূত দিলান ইয়েসিলগোজ জেগেরিয়াস বিচার ও নিরাপত্তামন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে।
নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হবে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কাজসা ওলোনগ্রেনকে। সাবেক অর্থমন্ত্রী ওপকে হোয়েক্সট্রা হবেন নতুন পররাষ্ট্রমন্ত্রী।