দেশের উত্তরাঞ্চলে হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় চলতি ইরি বোরো মৌসুমের বীজতলায় চারা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা। বিকেল থেকে ঘন কুয়াশা, রাতে শীতের তীব্রতা বাড়তে থাকে যা চারার জন্য ক্ষতিকর। বেশির ভাগ চারার বয়স ৩০ দিনের নিচে থাকায় ক্ষতির আশংকা করছেন কৃষকেরা।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এবারে উপজেলায় প্রায় ১২ হাজার ১২৫ হেক্টর জমিতে ইরি বোরো চাষের লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে। এর প্রস্তুতি হিসেবে প্রায় ৭শ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন বীজতলা ঘুরে দেখা যায় প্রচণ্ড কুয়াশা ও শীতের কারণে চারা গুলো লালচে এবং কিছু কিছু চারা সাদা হয়ে গেছে। এমন অবস্থায় অনেক কৃষককে বীজতলা স্প্রে করতে দেখা গেছে। উপজেলার কিশামত পুনকর গ্রামের আসমান আলী (৫৫) বুলু মিয়া (৪৫) , কানুরাম গ্রামের মকবুল হোসেন (৬৫) বোতলারপাড় গ্রামের কৃষক গোলাম মোস্তফা (৫৭) চতুরা গ্রামের কৃষক লুৎফর রহমান (৪৮) পাড়ামৌলা গ্রামের কৃষক হাজী আব্দুল মতিন (৭০) সহ অনেক কৃষক জানান অবস্থা এ রকম থাকলে চারা গুলোর ক্ষতির সম্ভবনা রয়েছে ফলে চারার সংকট দেখা দিতে পারে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা সম্পা আকতার জানান, এ সময় তীব্র শীতের কারণে চারা লালচে অথবা সাদা হতে পারে। প্রতিকার হিসেবে অল্প পরিমাণে ইউরিয়া সার উপরি প্রয়োগ কিংবা পরিমাণ মত থিয়ভিট জাতীয় ভিটামিন দিয়ে স্প্রে করলে এ সমস্যার প্রতিকার পাওয়া যাবে।