নাটোরে বিএনপির ৩১ নেতাকর্মী কারাগারে

নাটোরে পুলিশের ওপর হামলার মামলায় বিএনপির ৩১ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার (৪ ডিসেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিতে গেলে বিচারক শরিফ উদ্দিন শুনানি শেষে উপস্হিত ৮০ জনের মধ্যে ৪৯ জনের জামিন মঞ্জুর করেন এবং ৩১ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

নাটোরে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর হামলার মামলায় পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব বাবুল চৌধুরীসহ তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবিতে ২২ নভেম্বর বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি। ঐ সময় পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান ও সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। 

পরে ১১৬ জনের নাম উল্লেখসহ বিএনপির অজ্ঞাত ৪০০ নেতাকর্মীকে আসামি করে ২৩ নভেম্বর নাটোর সদর থানার এসআই রফিকুল ইসলাম মামলাটি দায়ের করেন।