অবশেষে ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসের অধিক সংক্রমণ ক্ষমতাসম্পন্ন ওমিক্রনে প্রথমবারের মত একজনের মৃত্যু হয়েছে। বুধবার ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, ৭৩ বছর বয়সী ওই ব্যক্তি রাজস্থানের বাসিন্দা। গত ৩১ ডিসেম্বর রাজ্যের উদয়পুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ ডিসেম্বর করোনা পজিটিভ শনাক্ত হন ওই ব্যক্তি এবং তখন থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। ওই ব্যক্তির মধ্যে জ্বর, কাশি ও রাইনাইটিসের উপসর্গ ছিল।
গত ২৫ ডিসেম্বর ওই ব্যক্তির জিনোম সিকোয়েন্সিং রিপোর্টে তার ওমিক্রন সংক্রমণ ধরা পড়ে। এর ছয় দিন পর ৩১ ডিসেম্বর রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। তার কোনও ভ্রমণ ইতিহাস ছিল না।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই মৃত্যুকে ওমিক্রনে মৃত্যু হিসেবে গণ্য করা হবে। রাজস্থান সরকারের স্বাস্থ্য বিভাগও এটিকে ওমিক্রনের মৃত্যু বলে নিশ্চিত করেছে।
ভারতে এখন পর্যন্ত দুই হাজার ১৩৫ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মহারাষ্ট্রে ৬৫৩ জন। দ্বিতীয় স্থানে থাকা দিল্লিতে ওমিক্রন শনাক্ত হয়েছে ৪৬৪ জনের।