তিন বছর পর একসঙ্গে সিয়াম-পূজা

প্রায় তিন বছর পর দর্শকের সামনে হাজির হচ্ছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি জুটি। আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে এম রাহিম পরিচালিত ‘শান’। এ ছবিতে জুটি বেঁধেছেন চলতি সময়ের দর্শকপ্রিয় এ জুটি। সর্বশেষ তাদের দেখা গিয়েছিল রায়হান রাফির ‘দহন’ ছবিতে। 

ছবিটি নিয়ে দর্শকের মাঝেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। টিএসসিতে ছবির প্রচারণায় অংশ নিয়ে তা টের পেয়েছেন সিয়াম। তার ভাষ্যমতে, ছবি মুক্তির আগে ও পরে দর্শকের কাছে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি। সবাই জানে বড় বাজেটের একটি ছবি মুক্তি পাচ্ছে। শ্যামলী হলে ‘মৃধা বনাম মৃধা’ ছবির বিরতিতে ‘শান’র ট্রেলার দেখে ভালো লেগেছিল। তখন দেখেছি দর্শকের উচ্ছ্বাস। সম্পূর্ণ ছবিটি দেখলে তা বজায় থাকবে বলে আমার বিশ্বাস।

এদিকে, ‘শান’ ছবির প্রকাশ পাওয়া গানে পূজা চেরির গ্ল্যামার মুগ্ধতা ছড়িয়েছে। ছবিটি নিয়ে তার প্রত্যাশা অনেক। তার ভাষ্য, ‘শান’ বড় বাজেটের ছবি। শুটিংয়ের আগে থেকেই ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ দেখেছি। বছরের প্রথম সপ্তাহে আমাদের ছবি মুক্তি পাচ্ছে। তাই অন্যরকম ভালোলাগা কাজ করছে। আশা করছি দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারব।

ছবিটি প্রসঙ্গে সিয়াম আরও বলেন, দর্শক যে ধরনের বিনোদনে ভরপুর সিনেমা দেখতে চান ‘শান’ তেমনই। এ ছবিতে অ্যাকশন যেমন আছে, তেমনই আছে পারিবারিক গল্প। এ ছবির মাধ্যমে মানবপাচারের বিষয়টিকে তুলে ধরা হয়েছে।

জানা যায়, ছবির ক্লাইম্যাক্স দৃশ্যের জন্য ব্যয় হয়েছে ৪৫ লাখ টাকা। বলিউডের অ্যাকশন ডিরেক্টর আব্বাস আলী মুঘলকে যুক্ত করা হয়েছে এ ছবিতে। এ বিষয়ে সিয়াম বলেন, ছবির ক্লাইম্যাক্স দৃশ্যধারণে নির্মাতার পরিকল্পনা দেখে রীতিমতো অবাক হয়েছি। তিনি যা চান তা পাওয়ার জন্য যা যা দরকার তা করেছেন। রাহিম ছবিটির জন্য কী করেছেন তা দর্শক দেখার পরই বুঝতে পারবেন।

‘শান’ ছবিটির গল্প লিখেছেন আজাদ খান। এ ছবিতে আরও অভিনয় করেছেন তাসকিন রহামন, মিশা সওদাগর, নাদের চৌধুরী প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে ফিলম্যান প্রোডাকশন।

ছবির প্রচারণায়ও দেখা যাচ্ছে সিয়াম ও পূজাকে। মধ্যরাতে ছবির পোস্টার লাগাতে দেখা গেছে তাদের। অন্য ছবির শুটিং শেষ করে প্রচারণায় অংশ নিচ্ছেন সিয়াম। একসাথে তাদের দেখে দর্শক-ভক্তরাও খুশি। কেন এ জুটিকে নিয়মিত পাওয়া যায় না? এমন প্রশ্নের জবাবে সিয়াম ও পূজা দুজনাই জানান— তারা দর্শকের বিরক্তির কারণ হতে চান না। ভালো ছবির মাধ্যমে দর্শকের হৃদয়ে টিকে থাকতে চান।