সিরাজগঞ্জে জমে উঠেছে শীতবস্ত্রের বেচাকেনা 

গত কয়েক দিনে সিরাজগঞ্জে শীতের তীব্রতা বেড়েছে। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জে গরম কাপড়ের বেচাকেনাও জমে উঠেছে। উচ্চবিত্তরা বড় বড় শপিংমল, বস্ত্র বিতান থেকে গরম কাপড় কিনতে সক্ষম হলেও দরিদ্রদের ঠাঁই হয়েছে ফুটপাতের দোকানগুলোতে। শহরের পাশাপাশি গ্রামের বিভিন্ন হাটবাজারে পুরাতন কাপড় ব্যবসায়ীরা গরম কাপড় বিক্রি শুরু করেছেন। 

সন্ধ্যার সঙ্গে সঙ্গে শহরের অভিজাত বিপণীকেন্দ্রসহ ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়ে যায়। জেলার বিভিন্ন হাটবাজারে এমনকি পাড়া-মহল্লায় রিকশাভ্যানে ফেরি করে পুরাতন গরম কাপড়ের ব্যাপক কেনাবেচা হচ্ছে। এগুলোর মধ্যে দরিদ্র ও অসহায় পরিবারের ছোট শিশুদের কাপড় বেশি বিক্রি হচ্ছে বলে জানান, কাপড় বিক্রেতা আবুল হোসেন। তিনি আরো বলেন, শীত বাড়ার সঙ্গে সঙ্গে শীতের কাপড়ের চাহিদাও বেড়েছে। 

শ্রমজীবী কাদের জানান, কয়েক দিনে এখানে বেশ শীত পড়েছে। আর শীতের কারণে মানুষ শীতের কাপড় কিনতে শুরু করেছেন। এই সুযোগে ব্যবসায়ীরাও কাপড়ের দাম বাড়িয়ে দিয়েছে। তিনি আরো বলেন, ঠাণ্ডায় পোলাপানের সর্দি, কাশি, জ্বরসহ ঠাণ্ডাজনিত অসুস্থতা শুরু হয়েছে। তাই তাদের জন্য কাপড় কিনতে এসেছিল। শহরের পুরাতন গরম কাপড়ের ক্রেতা শাহজাহান আলী জানান, গত বারের চেয়ে এবারে কাপড়ের দাম কিছুটা বেশি।