করোনাভাইরাস সংক্রমণ ব্যাপক হারে বাড়তে শুরু করেছে পাকিস্তানে। দেশটিতে গত এক সপ্তাহে সংক্রমণের হার দ্বিগুণ হয়েছে। সেই সঙ্গে হয়েছে গত অক্টোবরের পর সর্বোচ্চ আক্রান্তের ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডন।
পাকিস্তানে করোনার ভয়াবহ পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহকারী ফয়সাল সুলতান জানান, স্বাস্থ্যব্যবস্থা চাপের মুখে পড়তে পারে। যেকোনো পরিস্থিতিতে যাতে অক্সিজেনের সংকট দেখা না দেয়, সে লক্ষ্যে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে প্রদেশগুলোকে।
ডন জানায়, পাকিস্তানে করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বাড়ায় এ নিয়ে সতর্কবার্তা উচ্চারণ করেছেন পরিকল্পনা ও উন্নয়নবিষয়ক মন্ত্রী আসাদ ওমর। জনসাধারণকে সতর্কতামূলক পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন তিনি।
পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশনস সেন্টারের (এনসিওসি) দেওয়া তথ্য অনুসারে, বুধবার (৫ জানুয়ারি) ৮৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনার সার্বক্ষণিক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের দেওয়া তথ্য অনুসারে, এর আগে গত বছরের ১৬ অক্টোবর আক্রান্ত হয়েছিলেন ৮৯৩ জন এবং ১৭ অক্টোবর আক্রান্ত হয়েছিলেন ৭২০ জন।
ফয়সাল সুলতান জানান, এক সপ্তাহ আগে পাকিস্তানে করোনা সংক্রমণ ছিল ১ শতাংশের নিচে। কিন্তু কয়েক দিনের ব্যবধানে এ সংক্রমণের হার দ্বিগুণ হয়েছে।