যেভাবে সড়কে প্রাণ গেলো মা-ছেলের

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন।বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের কালিকাপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাবনা সদর উপজেলার ইসলামগাঁতি গ্রামের মমতা খাতুন (৭০) ও ছেলে মাহাতাব (৩৫)। পাকশী হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ রেজাউল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, মমতা খাতুনকে মোটরসাইকেলের পেছনে বসিয়ে মাহাতাব দাশুড়িয়া থেকে পাবনার দিকে যাচ্ছিলেন। কালিকাপুর বাজার এলাকায় মমতার শাড়ি মোটরসাইকেলের চাকার সঙ্গে পেঁচিয়ে গেলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।  মোটরসাইকেল থেকে পড়ে মাহাতাব গুরুতর আহত হন। তাকে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।