ফের ইসরায়েল-ফিলিস্তিনি দাঙ্গা 

অধিকৃত পশ্চিম তীরে বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) ভোরে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে একজন ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে।

ফিলিস্তিনি চিকিৎসা ও নিরাপত্তা সূত্র এএফপি’কে জানায়, ইসরায়েলি  সেনাবাহিনী এক ব্যক্তিকে গ্রেফতার করার জন্য উত্তরাঞ্চলে নাবলুস নগরীতে একটি এলাকায় প্রবেশ করার পর বালাতা শরণার্থী শিবিরের বাকির হাশাশকে (২১) তার মাথায় গুলি করে।

ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বলছে, তাদের সৈন্যরা নাবলুসে একজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করার জন্য অভিযানকালে সৈন্যদের উপর গুলিবর্ষনকারী এক সশস্ত্র ব্যক্তিকে লক্ষ্য করে গুলি করেছে।

২০১৪ সালে ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শুরু হওয়া আলোচনা স্থগিত হয়ে যাওয়ার পর থেকে পশ্চিম তীরে বিক্ষিপ্ত সহিংসতা চলছে।