মেহেরপুরের গাংনী উপজেলার রাধাকান্তপুর ধলা গ্রামে নির্বাচনি সহিংসতায় দুই ভাই হত্যা মামলার ৫৬ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর মুখ্য বিচারিক হাকিমের আদালতে আসামিরা আত্মসমর্পণ করলে বিচারক শিরিন নাহার তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চাঞ্চল্যকর দুই ভাই হত্যা মামলার প্রধান আসামিসহ ৫৬ আসামিকে এক মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয় উচ্চ আদালত। অন্তর্বর্তীকালীন জামিনের নির্ধারিত সময় পার হয়ে গেলে বৃহস্পতিবার আসামিরা মেহেরপুর আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে। বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলায় আসামি পক্ষে এ কে এম শফিকুল আলম এবং বিবাদী পক্ষে আইনজীবী ছিলেন খন্দকার আব্দুল মতিন ও কোর্ট পরিদর্শক গোলাম মোহাম্মদ।
উল্লেখ্য, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে গাংনীর কাথুলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দুই মেম্বর প্রার্থীর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৮ নভেম্বর সকালে মেম্বার প্রার্থী আজমাইন হোসেন টুটুল ও আতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে আজমাইন হোসেন টুটুলের ফুপাতো দুই ভাই সাহাদুল ও জাহারুলকে হত্যা করা হয়। উভয় পক্ষের নারীসহ অন্তত ২০ জন আহত হয়। এ ঘটনায় নিহত সাহাদুল ও জাহারুলের ফুপাতো ভাই লালটু বাদী হয়ে ৬৬ জনকে আসামি করে গাংনী থানায় হত্যা মামলা দায়ের করেন।