কুষ্টিয়ায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সড়ক উপ-বিভাগ, ঢাকার উপসহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম এবং তার স্ত্রী আফরোজা খাতুন মুক্তার (৩৪) বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন দুদকের এই কার্যালয়ের উপপরিচালক মো. জাকারিয়া।
মামলা সূত্রে জানা যায়, আফরোজা খাতুন তার স্বামী মনিরুল ইসলামের সহায়তায় ২ কোটি ৯৭ লাখ ৩১ হাজার ৪৪৯ টাকার অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন ও দখলে রেখেছেন। অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুদকের ২০০৪এর ২৭(১) ধারাসহ দণ্ডবিধির ১০৯ ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলায় অভিযুক্ত প্রকৌশলী ও তার স্ত্রী কুষ্টিয়া সদর উপজেলার ইবির হরিনারায়নপুর ইউনিয়নের বেড়বারাদি গ্রামের বাসিন্দা। বর্তমানে ১১/১ হাসান ফয়েজ লেন গোরস্থানপাড়ায় থাকেন। মনিরুল ঢাকা-২ সড়ক উপবিভাগে উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন।
মামলার বাদী দুদক সমন্বিত কুষ্টিয়ার জেলা কার্যালয়ের উপপরিচালক মো. জাকারিয়া বলেন, আইন মোতাবেক তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।