ঘরোয়া কিংবা আন্তর্জাতিক, নিজের ক্রিকেট ক্যারিয়ারে কখনোই ওপেনিংয়ে ব্যাট করেননি মোহাম্মদ মিঠুন। এতে ঘরোয়া ক্রিকেটে সফলতা পেলেও ব্যর্থ হয়েছেন জাতীয় দলে। ফলস্বরূপ, দল থেকে বাদ পড়া। সফলতা পেতে এবার ওপেনার হিসেবে ঘরোয়া লিগে খেলা শুরু করেছেন এই ব্যাটার।
সদ্য সমাপ্ত বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে ওপেনার হিসেবে খেলেছেন মোহাম্মদ মিঠুন। প্রথমবারের মতো এই ভূমিকায় খেলতে নেমে বেশ সফল তিনি। করেছেন ৪ ম্যাচের ৭ ইনিংসে দুটি শতক ও একটি অর্ধশতকে ৪৬৮ রান। এর মধ্যে একটি দ্বিশতক। যা তার ক্যারিয়ারে এই প্রথম। দলকে শিরোপা জেতানোর পাশাপাশি হয়েছেন যৌথভাবে টুর্নামেন্ট সেরাও।
মূলত জাতীয় দলের কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্ট থেকেই না কি মিঠুনকে ওপেনার হিসেবে খেলতে নির্দেশনা দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই জাতীয় দলে ভালো ওপেনারের সংকট। এ কারণেই হয়তো এই ব্যাটারকে ঝালিয়ে দেখতে চাইছে ম্যানেজমেন্ট। কে জানে, নিকট ভবিষ্যতে মিঠুনকে জাতীয় দলে ওপেনার হিসেবে দেখতে পাওয়া যাবে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিসিএলের ফাইনাল শেষে মোহাম্মদ মিঠুন বলেন, ‘এখন পর্যন্ত এই পজিশনে খেলা উপভোগ করছি। আসলে ওপেনিংয়ে চেষ্টা করে দেখার কোনো পরিকল্পনা ছিল না। কোচিং স্টাফ ও ম্যানেজমেন্ট থেকে এ নির্দেশনা দেওয়া হয়।’