টাঙ্গাইলের মধুপুরে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অপর ৪ জন আহত হয়েছেন।
শুক্রবার (৭ জানুয়ারি ) সকাল ৭টার দিকে টাঙ্গাইল-জামালপুর সড়কের মধুপুর উপজেলার কাইতকাই মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জামালপুর জেলার দেওয়ানগঞ্জের সাইদুর রহমানের স্ত্রী শারমীন বেগম, তিন বছরের কন্যা সোহাগী এবং শেরপুর জেলার শ্রীবর্দি উপজেলার বড়বাড়ি গ্রামের মিনার হোসেনের ছেলে রাসেল।
নিহত শারমীনের আত্মীয় আবুল হোসেন জানান, মধুপুরে এক আত্মীয় বাড়ি থেকে ভাড়া করা অটোরিকশায় তারা বাড়ি ফিরছিলেন। সিএনজিতে অন্য দুজন অপরিচিত যাত্রী ছিল। সিএনজিটি মধুপুর উপজেলার কাইতকাই মোড়ে পৌঁছলে জামালপুর থেকে আসা একটি পিকআপ ভ্যানের (নং ঢাকা মেট্রো ন- ২০২০৭৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুটি গাড়িই রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে সোহাগী ও রাসেল ঘটনাস্থলে এবং শারমীন মধুপুর হাসপাতালে নেয়ার পর মারা যান। আহত চারজনকে মধুপুর উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুপুর থানার ওসি তারিক কামাল জানান, সিএনজি ও পিকআপ আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।