নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৫, পুলিশের ফাঁকা গুলি 

ঝিনাইদহের শৈলকুপায় বিজয়ী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও বাড়ি ঘর-দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত ৫ জন। সংঘর্ষ থামাতে পুলিশ ৩৮ রাউন্ড শটগানের গুলিবর্ষণ ও ৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। 

শুক্রবার সকালে শৈলকুপা দুধসর ইউনিয়নের দুধসর গ্রামে এ ঘটনা ঘটে।

শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম জানান, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে দুধসর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত হয় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাহাবুদ্দিন সাবু। বৃহস্পতিবার সন্ধ্যায় পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী টিএ রাজুর সমর্থক শহীদ নামের এক ব্যক্তির মুদি দোকান বন্ধ করে দেয় নবনির্বাচিত চেয়ারম্যানের সমর্থকরা। এরই জের ধরে আজ সকালে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ভাংচুর করা হয় পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের অন্তত ১০ টি বাড়িঘর ও দোকানপাট। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ ৩৮ রাউন্ড শর্টগানের গুলি ও ৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে।এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।