চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের পরাজয়ের খবর যেমন আছে তেমনি আছে বিজয়ের সংবাদও। তবে রাজশাহীর দুর্গাপুরে সব খবরকে ছাপিয়ে যে সংবাদটি নজর কেড়েছে ৩২ বছর পর উপজেলার মাড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলম সম্রাট।
এর আগে টানা চারবার নির্বাচনে বিজয়ী হয়ে ৩২ বছর ধরে ওই ইউনিয়নের চেয়ারম্যানের পদটি দখলে রেখেছিল বিএনপি প্রার্থী হাসান ফারুক ইমাম সুমন। এবারও তিনি প্রার্থী হয়েছিলেন। কিন্তু বিজয়ী হতে পারেননি।
নির্বাচনে নৌকার প্রার্থী জাহাঙ্গীর আলম সম্রাট ৫ হাজার ৮৭৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাসান ফারুক ইমাম সুমন আনারস প্রতীকে পেয়েছেন ৫ হাজার ২৩৬ ভোট। এবারের ইউপি নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় বিএনপির স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে অংশ নিয়েছিলেন হাসান ফারুক ইমাম সুমন।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন থেকে ওই ইউনিয়নে বিএনপি ও জাতীয় পার্টি থেকে চেয়ারম্যান হয়েছেন। তাদের সময়ে ইউনিয়নের রাস্তাঘাটের তেমন কোনো উন্নয়ন হয়নি। এবার নৌকার প্রার্থীর জয় হওয়ার কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন হবে। তাই এলাকার জনগণ নৌকার প্রার্থীকেই উন্নয়নের জন্য নির্বাচিত করেছেন।
এ বিষয়ে নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সম্রাট বলেন, ‘এ এলাকায় বিএনপির একচেটিয়া আধিপত্যের কারণে এলাকায় উন্নয়ন হয়নি। জনগণ বিষয়টি বুঝতে পেরে দীর্ঘদিন পর আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এলাকার জনগণের সুখে দুঃখে সব সময় পাশে থাকবো।