প্রতিহিংসা পরিহার করে খালেদা জিয়াকে বিদেশ যেতে দিন: ব্যারিস্টার জমির উদ্দিন

ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিবেদিত কবিতা পাঠের অনুষ্ঠান ‘মুক্তির পঙক্তিমালা’য় দেশের নবীন-প্রবীন কবিরা কবিতা পাঠ করেন। 

শুক্রবার বিকেলে মানবসেবা সংঘের উদ্যোগে আয়োজিত এই কবিতা পাঠের অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, দেশের সকল মানুষ একবাক্যে চাচ্ছেন বেগম খালেদা জিয়াকে বিদেশে সুচিকিৎসার সুযোগ দেওয়া হোক। বিদেশে চিকিৎসার জন্য পাঠালে সরকারের অসুবিধা কোথায়? একজন সাবেক প্রধানমন্ত্রীকে চিকিৎসার জন্য বিদেশ যেতে দিলে কি এমন ক্ষতি হয়? তিনি কী ক্ষতি করতে পারবেন? আশা করি প্রতিহিংসা পরিহার করে চিকিৎসার জন্য সরকার এই সুযোগ দিবেন। একজন গুরুতর অসুস্থ মানুষকে নিয়ে দয়া করে উল্টোপাল্টা কথা বলে রাজনীতিকে ঘোলাটে করবেন না। 

ছবি: ইত্তেফাক

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও বেগম জিয়াকে নিয়ে নিজের রচিত কবিতা পাঠ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এতে আরও বক্তব্য রাখেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহপ্রচার সম্পাদক মো. আসাদুল করিম শাহীন, মৎস্যজীবী দলের সদস্যসচিব মো. আবদুর রহিম, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, বিএনপি নেত্রী অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল। 

খালেদা জিয়াকে নিবেদিত কবিতা পাঠ করেন-বিশিষ্ট কবি মুজতাহিদ ফারুকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক শেখ মনির উদ্দিন জুয়েল,নাট্যকলার সাবেক অধ্যাপক ড. সাইফুল হক, কবি ও সাবেক ছাত্রনেতা আহসান উদ্দিন খান শিপন, আহমেদ সাইমুম, খালেদা ফেরদৌস, গোবিন্দ চাঁদ কুন্ডু, মারুফ হোসেন, কাজী ফখরুল ইসলাম, মো. মিজানুর রহমান প্রমুখ। সভাপতিত্ব করেন মানবসেবা সংঘের নেতা সঞ্জয় দে রিপন।