পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বগুড়া জেলায় নৌকার প্রার্থীদের ভরাডুবি হয়েছে। গত বুধবার অনুষ্ঠিত জেলার আদমদীঘি, দুপচাঁচিয়া, গাবতলী, শেরপুর ও শিবগঞ্জ উপজেলার ২২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে ৯টিতে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন বিএনপি ছয়টিতে, জামায়াত তিনটিতে এবং অন্যরা চারটিতে। আর দুপচাঁচিয়া উপজেলার পাঁচ ইউপির চেয়ারম্যান পদে সবগুলোতেই স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। দুপচাঁচিয়ার পাঁচ ইউনিয়নে বিজয়ীরা হলেন তিন জন বিএনপি, এক জন জামায়াত ও এক জন স্বতন্ত্র ব্যক্তি।
বিজয়ীরা হলেন দুপচাঁচিয়া সদর ইউনিয়নে বিএনপির নেতা মোয়াজ্জেম হোসেন, চামরুল ইউনিয়নে পুনরায় নির্বাচিত বর্তমান চেয়ারম্যান বিএনপির নেতা শাহজাহান আলী, গুনাহার ইউনিয়নে জামায়াতের নেতা নুর মোহাম্মদ আবু তাহের, জিয়ানগর ইউনিয়নে বিএনপির নেতা আনোয়ার হোসেন এবং গোবিন্দপুর ইউনিয়নে স্বতন্ত্র সাখাওয়াত হোসেন মল্লিক।
এদিকে এর আগে বগুড়ায় চতুর্থ ধাপেও নৌকার ভরাডুবি হয়েছে। চতুর্থ ধাপে বগুড়া জেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মাত্র তিন জন প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তবে নৌকার মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে চেয়ারম্যান হয়েছেন দলের দুই প্রার্থী।