মেক্সিকোর মধ্যাঞ্চলীয় সাকাতেকাস রাজ্যে একটি গাড়ির ভেতর ১০ জনের মৃতদেহ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে। গভর্নরের কার্যালয়ের বাইরে এক চত্বরের মধ্যখানে বৃহস্পতিবার ফেলে যাওয়া একটি এসইউভিতে ঐ মৃতদেহগুলো পাওয়া যায়।
কর্মকর্তারা জানান, প্রথমে গাড়িটি দেখে সন্দেহ হয় তাদের; পরে ঐ দিন খুব সকালে তার ভেতর থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। মধ্যাঞ্চলীয় রাজ্যটির গভর্নর ডেভিড মনরেল সামাজিক যোগাযোগমাধ্যমে সন্দেহভাজন দুই জনকে আটক করার খবর নিশ্চিত করেছেন।
মনরেল বলেন, নিহতরা ‘সম্ভবত ব্যাপক মারধরের’ শিকার হয়েছিলেন। ঘটনার তদন্তে সহায়তার ঘোষণা দিয়েছে মেক্সিকোর নিরাপত্তা মন্ত্রণালয়। সাকাতেকাসে মাদক কারবারে জড়িত প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে খণ্ডযুদ্ধ প্রায়ই দেখা যায়; মৃতদেহ ফেলে যাওয়া বা সবাই দেখতে পাবে এমন জায়গায় রাখার ঘটনাও বিরল নয়।
এই সমস্যা মোকাবিলায় চেষ্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন মনরেল। তিনি বলেন, ‘একটু একটু করে আমরা আমাদের শান্তি পুনরুদ্ধার করব। আমরা যা পেয়েছি, তা হলো অভিশপ্ত উত্তরাধিকার।’