মোদির অনুষ্ঠানে মমতার বক্তব্য ঘিরে বিতর্ক

কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে মমতার এক মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দুজনেই তাদের নিজ নিজ অফিস থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন। আনুষ্ঠানিকভাবে নতুন হাসপাতালের উদ্বোধন করেন মোদি।

অনুষ্ঠানের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে, প্রধানমন্ত্রী শুক্রবার (৭ জানুয়ারি) হাসপাতালটির উদ্বোধন করলেও রাজ্য সরকার আগেই তা করেছে। প্রথম দিকে করোনা রোগী বাড়ার সময় যখন অনেক হাসপাতালের দরকার ছিল এবং শয্যা বাড়ানোর প্রয়োজন ছিলো, তখন চিত্তরঞ্জন হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাসটি ব্যবহার করা হয়েছে।

মমতার এই বক্তব্যকে নেতিবাচক হিসেবে নিয়েছে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটির সর্বভারতীয় নেতা ও মুখপাত্র অমিত মালব্য এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিকেলে মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ করেন।

তাদের দাবি, মুখ্যমন্ত্রী একটি বিরাট ক্যাম্পাসের একটি অংশে কয়েকটি শয্যা পেতে করা কোভিড হাসপাতাল এবং একটি পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতালের পার্থক্য বুঝতে পারেননি।

তারা বলেন, মমতা যা উদ্বোধন করেছিলেন তা ছিল একটা ভবন, এতে কিছু শয্যা ছিল। আর প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন ক্যানসার হাসপাতালের। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে মমতার এ বক্তব্যের কোনো জবাব দেননি। হাসপাতালটি পশ্চিমবঙ্গের অন্যতম বৃহত্তম ক্যানসার হাসপাতাল হিসেবে স্বীকৃত হবে।