আড়াইহাজারে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

আড়াইহাজারে নুরননাহার (৭৫) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (৭ জানুয়ারি) রাত ১০টায় উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নুরননাহার ওই গ্রামের মৃত মোবারকের স্ত্রী ও ব্যবসায়ী কবির হোসেনে মা। 

পুলিশ ওই রাত ১১টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরদিন শনিবার (৮ জানুয়ারি) ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 

পুলিশ জানায়, উপজেলার ছোট বিনাইরচর গ্রামের নিহত মহিলা নুরুননাহারের  ২টি বাড়ি রয়েছে। এর মধ্যে একটি ভাড়া দেওয়া আছে। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ভাড়া বাড়ির একটি কক্ষ  থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। তার গলায় ছুরি দিয়ে ২টি আঘাত করা হয়েছে। এছাড়া তার হাতেও একটি আঘাতের চিহ্ন রয়েছে। 

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, বৃদ্ধার ঘরে ঢুকে কে বা কারা হত্যা করে পালিয়ে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের রহস্য উৎঘাটনের চেষ্টা চলছে।