রংপুরের বদরগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

রংপুরের বদরগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী মুনিম সরকারকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম ঈশিতা জাহান (২৫)। 

শুক্রবার (৭ জানুয়ারি) রাতে জেলার বদরগঞ্জ উপজেলার কালীগঞ্জ গ্রাম থেকে তাকে গ্রেফতারের বিষটি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান।

মামলার এজাহারে জানা গেছে, ২০১৬ সালের জানুয়ারিতে ভালোবেসে পরিবারের অমতে ঈশিতাকে বিয়ে করেন মুনিম সরকার। ২০১৯ সালের শেষের দিকে তাদের বিচ্ছেদ হয়। তখন ঈশিতা বাবার বাড়ি রংপুরের পাগলাপীর গঞ্জিপুর গ্রামে চলে যায়। 

ঈশিতার বড় বোন তৈয়বা বেগম বলেন, ২০২০ সালের শেষের দিকে ঈশিতাকে আবার বিয়ে করেন মুনিম সরকার। ঈশিতা রংপুর পলিটেকনিক কলেজে পড়াশোনা করতো। ঈশিতাকে দ্বিতীয়বার বিয়ে করার পর থেকে যৌতুকের দাবিতে মুনিম প্রায়ই তার বোনকে মারধর করতো। মাস তিনেক আগে দুই দফায় মুনিমকে তারা দুই লাখ টাকাও দেন। গত মঙ্গলবার দুপুরে মুনিম বাবার বাড়ি থেকে আরও এক লাখ টাকা নিয়ে আসার জন্য ঈশিতাকে চাপ দেন। এতে অস্বীকৃতি জানালে ওই দিন রাতে ঈশিতাকে মারধর করেন তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাজমা বেগম জানান, ঈশিতা জাহানকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছিলেন তার স্বামী মুনিম সরকার। সন্দেহ হওয়ায় বিষয়টি তাৎক্ষণিক বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়। পুলিশ ঈশিতার লাশ থানায় নিয়ে যায়।

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান, গৃহবধূর গলায় ফোলা জখমসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। লাশ ময়নাতদন্তের জন্য শনিবার রংপুর মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঈশিতাকে হত্যার অভিযোগ এনে তার মা মার্জিয়া বেগম বাদী হয়ে গতকাল শুক্রবার রাতে থানায় জামাতা সহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। স্বামী মুনিম সরকারকে আদালতের মাধ্যমে শনিবার সকালে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।