শৈলকুপায় নির্বাচন–পরবর্তী সহিংসতায় আরও একজন খুন

ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের হামলায় কল্লোল খন্দকার (৩৮) একজন নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার বগুড়া ইউনিয়নের বড়বাড়ি বগুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

কল্লোল খন্দকারের ছোট ভাই মিল্টন খোন্দকার অভিযোগ করেন, তাদের ইউনিয়নে আওয়ামী লীগের দুটি গ্রুপ আছে। তারা বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলামের সমর্থক। তাদের প্রতিপক্ষ গ্রুপের নেতা শফিকুল ইসলাম শিমুল আওয়ামী লীগের মনোনয়ন পায়। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। তাদের গ্রামে আনু বিশ্বাস ও মোকা বিশ্বাসের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শনিবার দুপুরে কল্লোল শ্রমিকদের জন্য মাঠে খাবার নিয়ে যাচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষ দলের লোকেরা তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম জানান, উত্তেজনা থাকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।  
এ নিয়ে শৈলকুপায় নির্বাচনিসহিংসতায় পাঁচজন মারা গেছেন।


ইত্তেফাক/ইউবি