নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সরকারদলীয় মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, তৈমুর আলম খন্দকার গডফাদার শামীম ওসমান ও সেলিম ওসমানের প্রার্থী। তিনি বিএনপিরও প্রার্থী নন, জনতার প্রার্থীও নন। শামীম ওসমান তাকে প্রার্থী করেছেন। উনি বিএনপির প্রার্থী হলে ধানের শীষেই নির্বাচন করতেন। উনি গডফাদারের প্রার্থী। তিনি দন্তবিহীন গডফাদার, নতুন করে আবার উত্থান হতে শুরু করেছেন।
শনিবার (৮ জানুয়ারি) বন্দরের ২৪নং ওয়ার্ডের দেউলি চৌরাপাড়া এলাকায় নির্বাচনি প্রচারণায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে আইভী এসব কথা বলেন।
সেলিনা হায়াৎ আইভী বলেন, ২০১৬ সালে শামীম ওসমান ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করেছেন, নৌকার বিরুদ্ধে ধানের শীষে সিল মেরেছেন। উনি ১৯৯৬ সালে নাজমা রহমানের নৌকা কেড়ে নিয়ে তার ভাইয়ের পক্ষে লাঙ্গলের হয়ে ব্যালট বাক্স লুট করেছেন। উনি কেমন আওয়ামী লীগ করেন, কিসের আওয়ামী লীগ করেন। উনি সুবিধাবাদী।
আইভী বলেন, গডফাদাররা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে, মাথাচাড়া দিয়ে উঠেছে অপশক্তি, আনাগোনা শুরু হয়েছে সন্ত্রাসীদের। যেভাবে আমরা আগে এসব অপশক্তিকে দমন করেছি, সেভাবে আমরা আবার এই দন্তবিহীন বাঘকে, হাতিকে দমন করতে চাই। সন্ত্রাসীদের দমন করতে চাই।
তিনি আরও বলেন, গতকাল বন্দরে তৈমুর প্রচারণা চালিয়েছেন, সেলিম ওসমানের জাতীয় পার্টির চারজন চেয়ারম্যান তার সঙ্গে ছিলেন। এতে প্রমাণিত হয় নারায়ণগঞ্জে যে গুঞ্জন ছিল তৈমুর আলম খন্দকার গডফাদার শামীম ওসমানের ক্যান্ডিডেট, গতকাল তা প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগে দ্বন্দ্ব স্পষ্ট হলো কিনা জানি না। সব নেতাকর্মী আমার সঙ্গে। প্রতিটি ওয়ার্ড লেভেল পর্যন্ত নেতাকর্মীরা আমার পাশে আছে। একমাত্র তিনি (শামীম ওসমান) দলের বাইরে গিয়ে তার লোকজনকে তৈমুর সাহেবের সঙ্গে দিচ্ছেন।
ইত্তেফাক/এনএ