ক্রয়কৃত দোকানের নামজারি বাতিল করে নিয়ম বহির্ভূতভাবে পুনরায় বিক্রেতার নামে নামজারি করার অভিযোগ উঠেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিরুদ্ধে।
নামজারি বাতিল করায় ভুক্তভোগী দোকানি মাইন উদ্দিন দেওয়ানি মামলা করেছেন সিটি করপোরেশনের বিরুদ্ধে। জানা যায়, মাইন উদ্দিন নামে এক ব্যক্তি দক্ষিণ সিটি করপোরেশনের অধীন নিউ সুপার মার্কেটের জি ২৮ সিরিয়ালের একটি দোকান নার্গিস হক নামে একজনের কাছ থেকে ২০১৮ সালে ক্রয় করেন। ক্রয়ের সময় তিনি নিয়ম অনুযায়ী স্ট্যাম্পে যাবতীয় স্বাক্ষর নিয়ে দোকান বুঝে নেন। পরে নার্গিস হক দক্ষিণ সিটি করপোরেশনে মাইন উদ্দিনের নামে নামজারির আবেদন করেন।
পরে সিটি করপোরেশন ২০১৯ সালের জুলাইয়ে মাইন উদ্দিনের নামে নামজারি করে। এরপরে তিনি সিটি করপোরেশনকে নিয়মিত মাসিক ভাড়াসহ যাবতীয় পাওনাদি পরিশোধ করে দোকান পরিচালনা করছিলেন। কিন্তু হঠাত্ বিক্রেতার ওয়ারিশরা তার কাছে দোকান বাবদ আরো অতিরিক্ত টাকা দাবি করে। কিন্তু তিনি টাকা দিতে অপারগতা প্রকাশ করে দলিল সম্পর্কে তাদের জানান।
এর কিছুদিন পরে নিউ সুপার মার্কেট মালিক সমিতির সভাপতি শহিদ উল্লাহ কোনো কথা না বলে ঐ দোকানে সমিতি অফিসের তালা লাগিয়ে দোকান বন্ধ করে দেন। পরে মাইন উদ্দিন দোকানে তালা লাগানোর বিষয়ে জানতে চাইলে শহিদ উল্লাহ জানান, দোকান ক্রয়ের যাবতীয় কাগজ নিয়ে দেখা করতে। পরে তিনি দেখা করলেও তার দোকানের তালা খুলে দেওয়া হয়নি। পরে তিনি শুনতে পান তার নামজারি বাতিল করা হয়েছে।
নিউ সুপার মার্কেট মালিক সমিতির সভাপতি শহিদ উল্লাহ বলেন, মাইন উদ্দিন জাল কাগজপত্র করে দোকান দখল করেছেন। সিটি করপোরেশন তার নামে নামজারি বাতিল করেছে। দোকান বুঝিয়ে দেওয়ার বিষয়ে তিনি বলেন, মামলার কারণে দোকান বুঝিয়ে দেওয়া যাচ্ছে না।
দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক ও উপ-কর ও রাজস্ব কর্মকর্তা আবুল খায়ের এ বিষয়ে কথা বলতে রাজি হননি। পরে এই মার্কেটের দায়িত্বে থাকা ডিএসসিসির বাজার শাখা-২-এর কর্মকর্তা আবুল কালাম জানান, নার্গিস হক দাবি করেছেন, তিনি নামজারি শুনানিতে অংশগ্রহণ করেননি।
এমনকি তিনি দোকানই বিক্রি করেননি। তার স্বাক্ষর ভুয়া। তবে তার স্বাক্ষর ভুয়া ও শুনানিতে অংশগ্রহণ না করলে কীভাবে মাইন উদ্দিনের নামে সিটি করপোরেশন নামজারি করেছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি আসলেই যৌক্তিক প্রশ্ন। এ বিষয়ে আমি কথা বলতে পারব না।