মাফলারে ঝুলছিল কাইয়ুমের মরদেহ!

গাজীপুরের কালীগঞ্জে কাইয়ুম মোড়ল (২৮) নামে এক রেলওয়ের গেইটম্যানের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ জানুয়ারী) রাতে  উপজেলার জামালপুর ইউনিয়নের নারগানা এলাকা থেকে গলায় মাফলারে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে কালীগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এস.আই) রমজান আলী।

নিহত কাইয়ুম মোড়ল উপজেলার জামালপুর ইউনিয়নের দক্ষিণ নারগানা এলাকার আহাদ আলী মোড়লের ছেলে। তিনি নরসিংদী রেলওয়ে অঞ্চলের মেথিকান্দা এলাকায় অস্থায়ী গেইটম্যান হিসেবে কর্মরত ছিল।

এসআই বলেন, শনিবার রাতে ঝুলন্ত অবস্থা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো পরিবারের লোকজন থানায় আসেনি। আসলে পরিবারের চাহিদার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। তবে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই এসআই।

তিনি আরও জানান, সম্প্রতি কাইয়ুম মোড়লের সন্তান মারা গেছে। এরপর থেকে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। শনিবার দুপুরে কাইয়ুম মোড়ল তার ঘরের দরজা ভেতর দিয়ে বন্ধ করে একা অবস্থান করছিল। সে সময় বাড়িতে আর কেউ ছিল না। সন্ধ্যায় তার বোন দরজায় কড়া নাড়া দিয়ে কোন সাড়াশব্দ না পেয়ে স্বজনদের খবর দেয়। পরে দরজা ভেঙ্গে ভেতরে গিয়ে দেখতে পায় ঘরের আড়ার সাথে মাফলার দিয়ে গলায় পেঁচানো ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে থানায় খবর দিলে রাতে পুলিশ এসে ঝুলন্ত অবস্থা থেকে লাশ উদ্ধার করে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, কাইয়ুমের গলায় যে মাফলার দিয়ে ফাঁস লাগানো ছিলো তা হালকা ওজনের, কিছু দিলেও ছিড়ে পড়ার কথা। এছাড়াও আলনায় তার হাত আটকে ছিল এবং তার পা মাটিতে ঠেকানো অবস্থায় ছিল। এসব কিছু বিশ্লেষণ করে সন্দেহ করা হচ্ছে তাকে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে।