রংপুরে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, বাবা আটক

রংপুর মহানগরীর মাহিগঞ্জে ইয়াসমিন আক্তার কবিতা নামে স্কুল পড়ুয়া ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় মাহিগঞ্জের বীরভদ্র বালাটারি গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ সময় কবিতার বাবা ইউসুফ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মাহিগঞ্জ মেট্রোপলিটন থানার এসআই আশরাফ আলী জানান, ঘটনাস্থলে পৌঁছে জানতে পারি ইয়াসমিন আক্তার কবিতা এক যুবকের সঙ্গে প্রেমে জড়িয়েছে। এ নিয়ে শনিবার রাতে তাকে মারধর করে তার বাবা। তিনি আরও বলেন, সকালে তার ঝুলন্ত মরদেহ দেখে কবিতার মা চিৎকার করেন। পরে এলাকাবাসী এসে মরদেহ নামিয়েছে। আমরা মরদেহ থানায় এনেছি। এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কবিতার বাবাকে আটক করা হয়েছে।

মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবার রহমান বলেন, এটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।