আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে পানিতে ডুবে শিশুমৃত্যুর ঘটনা। শুধু চট্টগ্রামের আনোয়ারায় গত এক বছরে পানিতে ডুবে ২১ শিশুর মৃত্যু হয়েছে। এসব শিশুমৃত্যুর স্থান আর সময় ভিন্ন হলেও তাদের মৃত্যুর কারণ একই। পরিবারের অজান্তে খেলতে গিয়ে পুকুরে পড়ে যাওয়া।
এছাড়া পানিতে পড়ে যাওয়ার পর তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসকের কাছে নিতে না পারাকেও অন্যতম কারণ বলছেন চিকিৎসকরা। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাহি মোহাম্মদ সাইফুদ্দিন জানান, পুকুরে ডুবে শিশু মারা যাওয়ার কারণ হচ্ছে হাসপাতালে আনতে দেরি হওয়া। আরেকটা কারণ হচ্ছে আতঙ্কে মৃত্যুবরণ করা। এমন অনেক পুকুরে ডুবা শিশু রয়েছে যাদের যথাসময়ে হাসপাতালে আনার কারণে তাদেরকে বাঁচানো সম্ভব হয়েছে।
পানিতে ডুবে শিশুমৃত্যুর হার নিয়ন্ত্রণের বিষয় নিয়ে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রাবেয়া চৌধুরীর সঙ্গে কথা হয়। তিনি জানান, পুকুরে ডুবে শিশুমৃত্যুর বিষয়টি পরিবারের অসচেতনতার কারণেই হয়ে থাকে। তাই এই বিষয়টি নিয়ে নারী ও শিশুদের যে সমস্ত বৈঠক এবং দিবস পালন করা হয় আমরা সবখানে এই বিষয়টি আলোচনায় রাখব। যাতে সবার মধ্যে বিশেষ করে মায়েদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়।