হ্যারিস সেফেরোভিচের হ্যাটট্রিকে বেলজিয়ামকে উড়িয়ে উয়েফা নেশনস লিগের সেমিফাইনালের টিকিট পেয়েছে সুইজারল্যান্ড। সোমবার গ্রুপপর্যায়ের এই ম্যাচে দলটি জয় পেয়েছে ৫-২ গোলে। শুরুতে দুই গোলে এগিয়ে গিয়েও এই বড় ব্যবধানে হারতে হয়েছে বেলজিয়ানদের। তাই সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে পিছিয়ে থেকে কপাল পুড়েছে তাদের।
খেলার প্রথম ১৭ মিনিটেই থর্গান হ্যাজার্ড জোড়া গোল করে বেলজিয়ামকে এগিয়ে নেন। পরবর্তী রাউন্ডে যেতে হলে তখন অন্তত ৪ গোল করার প্রয়োজন ছিল সুইসদের। কঠিন সেই সমীকরণকে বাস্তবে রূপ দিল সুইসরা। হ্যারিস সেফেরোভিচের হ্যাটট্রিক কাজটা অনেক সহজ করে দেয়। রিকার্ডো রদ্রিগেজ ও এলভেদি একটি করে গোল করেন।
তাই এখন ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সরাসরি সেমিফাইনাল নিশ্চিত হয়েছে সুইসদের। আগামী বছর জুনে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল, ইংল্যান্ড অথবা ফ্রান্স ও নেদারল্যান্ডের মধ্যে যারা ওঠবে তাদের বিপক্ষে সেমিফাইনাল খেলবে সুইজারল্যান্ড।
খেলার দ্বিতীয় মিনিটে এলভেদির দুর্বল ব্যাকপাস থেকে ভাই এডেন হ্যাজার্ড হয়ে বল পান থর্গান হ্যাজার্ড। সেই সুযোগ কাজে লাগিয়ে শুরুতেই দলকে এগিয়ে নেন তিনি। ১৭ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন হ্যাজার্ড। এতে শুরুতেই দুই গোলে পিছিয়ে যায় সুইজারল্যান্ড। পরবর্তী রাউন্ডে যেতে এই ম্যাচে অন্তত দুই গোলের ব্যবধানে জয় প্রয়োজন ছিল সুইসদের। শুরুতেই বেলজিয়াম দুই গোলে এগিয়ে যাওয়ায় তখন অন্তত চার গোল প্রয়োজন হয়ে দাঁড়ায় দলটির। পাঁচ গোল করে সেই অসম্ভবকেই সম্ভব করে তারা।
খেলার ২৬ মিনিটে পেনাল্টি থেকে গোলের সূচনা করেন রদ্রিগেজ। হার্দান শাকিরির দেয়া বলে প্রথম গোলটি করেন সেফেরোভিচ। ৪৪ মিনিটে দ্বিতীয় গোল করে দলকে নেন তিনি।
শাকিরির দুর্দান্ত ক্রস খেকে ৬২ মিনিটে সুইজারল্যান্ডের পক্ষে চতুর্থ গোলটি করেন এলভেদি। এতেই লক্ষ্য পূরণ হয় সুইসদের। ছয় মিনিট বাকি থাকতেই দলের পক্ষে পঞ্চম গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন সেফেরোভিচ। তাই শেষ পর্যন্ত অসাধ্য সাধন করে সেমিফাইনাল নিশ্চিত হয় দলটির।
ইত্তেফাক/কেআই