কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল দক্ষিণপাড়া এলাকায় ট্রাক ও ভ্যানের সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১ জন। সোমবার (১০ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী দ্রুতগতির একটি ট্রাক যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। পরে মরদেহ ৪টি উদ্ধার করে মর্গে পাঠানো হয়। ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।
নিহতরা হলেন, সদর উপজেলার স্বস্তিপুর এলাকার হজেল হোসেনের ছেলে ভ্যানচালক মুক্তার হোসেন (৫০), একই এলাকার আজিজুল হকের স্ত্রী জেসমিন (৩০), আলামপুর হালদারপাড়া এলাকার ভাদু মোল্লার মেয়ে রোজিনা খাতুন (২৭) এবং হালদারপাড়ার মনোরঞ্জনের স্ত্রী স্বপ্না রানী (৪৫)।