টেকনাফে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার ৪

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি, সন্ত্রাসী বদি আলমসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার ২০ পিস ইয়াবা, ৩৭ হাজার ৬৬০ টাকা, বিদেশি মদ, দুটি একনলা বন্দুক ও দুই রাউন্ড কার্তুজসহ দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার (৮ জানুয়ারি) রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মাছের ঘেরের পাশের টংঘরের ভেতর থেকে এসব অস্ত্র ও মাদকসহ তাদের গ্রেফতার করা হয়। 

রবিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় র‍্যাব-১৫-এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন কক্সবাজার র‌্যাব-১৫-এর উপ-অধিনায়ক তানভীর হাসান। 

আটকরা হলো, বদিউল আলম ওরফে বদাইয়া, তার সহযোগী আবদুর রহমান, দেলোয়ার হোসেন ভুট্টো ও মো. ইউসুফ মিয়া। 

কক্সবাজার র‌্যাব-১৫-এর উপ-অধিনায়ক তানভীর হাসান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৫-এর আভিযানিক দল জানতে পারে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী টেকনাফের হ্নীলা ইউনিয়নের মাছের ঘেরের টংঘরে অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে শনিবার রাত ১২টায় অভিযান চালিয়ে চার সন্ত্রাসীকে ইয়াবা সেবনরত অবস্থায় গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। তারা একাধিক মামলার আসামি ও চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।