করোনায় আক্রান্ত রাজনাথ সিং

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বর্তমানে তিনি বাড়িতে আইসোলেশনে আছেন। সোমবার (১০ জানুয়ারি) এক টুইট বার্তায় এ তথ্য জানান তিনি।

টুইট বার্তায় রাজনাথ সিং বলেন, ‘আজ আমি করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছি। শরীরে মৃদু উপসর্গ রয়েছে। বর্তমানে আমি হোম কোয়ারেন্টাইনে আছি। সম্প্রতি যারা আমার সংস্পর্শে এসেছিলেন আমি তাদেরকে আইসোলেশনে যাওয়ার এবং করোনা পরীক্ষার অনুরোধ করছি।’

এদিকে, সোমবারও ভারতে রেকর্ড এক লাখ ৭৯ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে দেশটিতে করোনা শনাক্তের হার ১৩ দশমিক ২৯ শতাংশ। প্রায় ১০ দিন আগেও ভারতে দৈনিক করোনা শনাক্তের সংখ্যা ছিল ১০ থেকে ১৫ হাজার। করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের মুখোমুখি হওয়ায় দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে।