বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে গতকাল অনুষ্ঠিত হয় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’। প্রতি বছরের ন্যায় এবারও প্রতিযোগিতায় অংশ নেন দেশ-বিদেশের অ্যাথলেটরা। ফুল ম্যারাথন (৪২.১২৫ কিলোমিটার) এবং হাফ ম্যারাথন (২১.০৯৭ কিলোমিটার) ইভেন্টে সর্বমোট ৫৮০ জন দৌড়বিদ অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতাটি গতকাল ভোরে আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে বনানী-কামাল আতাতুর্ক অ্যাভিনিউ-গুলশান ২-গুলশান ১-পুলিশ প্লাজা হয়ে ঘড়ির কাঁটার ক্রম অনুযায়ী হাতিরঝিলের চারপাশে ঘুরে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে শেষ হয়।
ফুল ম্যারাথনে এলিট দৌড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন কেনিয়ার ডিসেন্ট কিপসিং রোনো এবং মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হন ইথিওপিয়ার মুলিয়ে ডেকেবো হায়েলেমারিয়াম। এছাড়া ফুল ম্যারাথনে সাফ ও দেশি দৌড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন ভারতের বুগাথা শ্রীনু এবং মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হন ভারতের আরতি দত্তাত্রয় পাতিল। হাফ ম্যারাথনে এলিট দৌড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন কেনিয়ার রনজাস লোকিটান কিলিমু এবং মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হন ফ্রান্সের সৌকানিয়া এটনেইন। ফুল ম্যারাথনে দেশি অংশগ্রহণকারী দৌড়বিদদের মধ্যে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন নৌবাহিনীর এসএ মো. আসিফ বিশ্বাস ও মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হন সেনাবাহিনীর সৈনিক পাপিয়া খাতুন।
এছাড়া হাফ ম্যারাথনে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন সেনাবাহিনীর ল্যান্স করপোরাল মো. আল-আমিন ও মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হন শামসুন্নাহার রত্না। গতকাল ভোরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।
প্রতিযোগিতা শেষে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।