৩০০ উইকেটের ক্লাবে বোল্ট 

ঠিক চিরচেনা ভঙ্গিমাতেই নিজের ৩০০ তম শিকারটি করলেন ট্রেন্ট বোল্ট। রাউন্ড দ্য উইকেটে এসে অফ স্টাম্পের বাইরে পিচ করেন বল, যা সুইং করে ধেয়ে আসে মেহেদী হাসান মিরাজের দিকে। এভাবেই তো বলকে কথা বলান বাঁহাতি এই পেসার। নিজের ৭৫ তম টেস্টে চতুর্থ কিউই বোলার হিসেবে ৩০০ উইকেটের ক্লাবে ঢুকেন তিনি। উইকেট নেওয়ার পর তাকে প্রথম অভিনন্দন জানানো টিম সাউদি (৩২৮ উইকেট) ক্লাবের আরেক সদস্য।

বাকি দুই জন হলেন—স্যার রিচার্ড হ্যাডলি (৪৩১) ও ড্রানিয়েল ভেট্টোরি (৩৬২)। 

ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের করা ৫২১ রানের জবাবে ১২৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। যেখানে ৪৩ রান দিয়েই একাই ৫ উইকেট নেন তিনি। ইনিংসে তার চতুর্থ শিকার ছিলেন মিরাজ। 

দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে অনন্য ক্লাবে ঢোকার অনুভূতি নিয়ে বোল্ট বলেন, ‘অবশ্যই এর মূল্যটা বিশাল। আমি নিশ্চিত কদিনের মধ্যেই সেটা হজম হয়ে যাবে। কঠোর পরিশ্রম, ফিটনেস এবং পারফরম্যান্স নিয়ে গর্ব করলেই কেবল তা আসে। হ্যাডলি ও ভেট্টোরির মতো নামের পাশে থাকা খুবই স্পেশাল।’