আড়াই কেজি আইস ও ৬৫ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে আড়াই কেজি আইস (ক্রিস্টাল মেথ) ও ৬৫ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে। 

মঙ্গলবার (১১ জানুয়ারি) ভোরে টেকনাফের নোয়াখালীপাড়া এলাকায় মেরিন ড্রাইভের সৈকতের ঝাউ বাগানে মালিকহীন ২ কেজি ৬৪ গ্রাম আইস উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আর সোমবার রাতে টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুরাতন পল্লান পাড়া ভাড়া বাসার বালিশের ভেতর থেকে ৫০০ গ্রাম আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ করে পুলিশ। এসময় পুলিশ দুই রোহিঙ্গাকে গ্রেফতারও করেছে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, ভোরে মাদকের একটি চালান পাচারের উদ্দেশ্যে টেকনাফের উত্তরে নোয়াখালীপাড়া এলাকায় মেরিন ড্রাইভের সমুদ্র সৈকতের ঝাউ বাগানে মজুতের খবর পাওয়া যায়। এরপর বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। তল্লাশি চালিয়ে একটি প্যাকেট থেকে দুই কেজি ৬৪ গ্রাম ওজনের আইস পাওয়া যায়। উদ্ধার আইসগুলো বিজিবি সদর দফতরে রাখা হয়েছে। পরবর্তী সময়ে কর্তৃপক্ষের নির্দেশে ধ্বংস করা হবে বলে জানান শেখ খালিদ।

অপরদিকে, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, সোমবার রাতে টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুরাতন পল্লান পাড়া এলাকায় বেগমের বাড়ি নামক ভাড়াবাসার হাসিনার বসতঘরে বালিশের ভেতর থেকে ৫০০ গ্রাম আইস ও পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

Teknaf Ice Pic

এ ঘটনায় দু’রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো, টেকনাফের হ্নীলার লেদার ২৪ নম্বর ক্যাম্প এলাকার মৃত আবুল বাশারের ছেলে একরাম উদ্দীন (২৩) এবং উখিয়ার বালুখালী ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকার মৃত ফারুকের স্ত্রী মোছাম্মদ হাসিনা (৩০)।

ওসি আরও জানান, একইদিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের মৌলভি পাড়ায় একটি সেতুর কাছে আরেকটি অভিযানে যায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি ঠের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া একটি ব্যাগ তল্লাশি করে ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এসব বিষয়ে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা হয়েছে বলে উল্লেখ করেন ওসি।