প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই বাংলার জনপ্রিয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। আপাতত চিকিৎসকের পরামর্শে নিজ বাড়িতে আইসোলেশনে আছেন তিনি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে জানা যায়, গত ২ জানুয়ারি ভারতের মালদহে বইমেলার উদ্বোধনে গিয়েছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। সেখান থেকে বাড়ি ফেরার পর সর্দি-কাশিতে ভুগছিলেন। পরে ঝুঁকি না নিয়ে করোনা পরীক্ষা করান। আজ তার রিপোর্ট পজিটিভ এসেছে। এখন পর্যন্ত তার বড় কোনো সমস্যা দেখা দেয়নি এবং জোরালো কোনো উপসর্গ নেই বলেও জানিয়েছেন তার চিকিৎসক।
নিজেই করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়ে শীর্ষেন্দু মুখোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানান, সম্প্রতি মালদা বইমেলা উদ্বোধন করে ফিরেছেন। যদিও করোনার কারণে এখন সেই বইমেলা স্থগিত হয়ে গেছে।