চীনের আরও একটি শহরে লকডাউন

করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের সংক্রমণ ঠেকাতে চীনের হেনান প্রদেশের শহর আনিইয়াংয়ে লকডাউন জারি করা হয়েছে। শহরটিতে দুই ব্যক্তি অমিক্রনে আক্রান্ত হওয়ার পর লকডাউন জারি করা হয়। এর ফলে চীনের এই শহরের বাসিন্দারা আবার ঘরবন্দী হয়ে পড়েছেন।

শহর কর্তৃপক্ষ বলেছে, ৪০০ কিলোমিটার দূরের তিয়ানজিন শহর থেকে আনিইয়াংয়ে করোনার এই সংক্রমণ ছড়িয়েছে। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১০ জানুয়ারি) কর্তৃপক্ষ আনিইয়াংক শহরে লকডাউন করার ঘোষণা করে। ওই শহরে জরুরি নয়, এমন সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গণহারে শহরের বাসিন্দাদের করোনা পরীক্ষা করা হচ্ছে।

লকডাউনের ঘোষণা দিয়ে কর্তৃপক্ষ শহরের বাসিন্দাদের ঘর থেকে বের না হওয়া ও সড়কে গাড়ি না চালানোর নির্দেশ দিয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) থেকে সেখানে লকডাউন কার্যকর হয়। 

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার (১০ জানুয়ারি)  শহরটিতে নতুন করে ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তারা স্থানীয়ভাবে করোনায় সংক্রমিত হয়েছেন।