মাস্টারদা সূর্যসেনের ৮৯তম ফাঁসি দিবস আজ

ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনসহ বহুবিধ বিপ্লবের অগ্রনায়ক মাস্টারদা সূর্যসেনের ৮৯তম ফাঁসি দিবস আজ। ১৯৩৪ সালের ১২ জানুয়ারি মধ্যরাতে চট্টগ্রাম কারাগারে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। 

মাস্টারদার পুরো নাম সূর্য কুমার সেন। সংক্ষেপে সূর্যসেন নামে অধিক পরিচিত। তবে মাস্টার দা নামে সহযোদ্ধাদের কাছে পরিচিত ছিলেন। ফাঁসির পর ব্রিটিশ সরকার তার লাশ গুম করে ফেলে।

সূর্য সেন ১৮৯৪ সালের ২২ মার্চ চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়ার একটি অসচ্ছল পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম রাজমনি সেন এবং মাতার নাম শশী বালা সেন। রাজমনি সেনের দুই ছেলে আর চার মেয়ের মধ্যে সূর্য সেন পরিবারের চতুর্থ সন্তান। সূর্য সেন ছেলেবেলা থেকেই খুব মনোযোগী ছাত্র ও গম্ভীর প্রকৃতির ছিলেন।

সূর্যসেনের ফাঁসি দিবস উপলক্ষে আজ বুধবার সকালে তার নিজ জন্মস্থান রাউজানের নোয়াপাড়ার সূর্যসেন পল্লীতে নানা কর্মসূচি গ্রহণ করেছেন নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগসহ স্থানীয় সামাজিক সংগঠন। এছাড়া রাউজান উপজেলা সদরস্থ সূর্যসেন চত্বরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।