সমালোচকদের নিয়ে সারার জবাব

আবারও করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় একের পর এক বাতিল হয়ে যাচ্ছে অনেক বলিউড সিনেমার শুটিং। সেখানে সদ্য বিবাহিত অভিনেতা ভিকি কৌশল এবং সারা আলী খান টানা দুই সপ্তাহ ধরে শুটিং করলেন।

ইন্দোরে একটি বাজার এলাকার শুটিং করতে দেখা গেছে তাদের। শুটিংসেটের বেশ কয়েকটি ছবি এরইমধ্যে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। তবে সারা-ভিকির সেই লুক প্রশংসিত হলেও অনেকে কটাক্ষ করতেও ভুল করছেন না।

কারণ করোনা সংক্রমণ বৃদ্ধির এই সময়ে যেখানে সবাই জনসমাগম এড়িয়ে চলছেন সেখানে তারা জনবহুল এলাকায় শুটিং করছেন। অনেকেই বলছেন, এমন এহেন কাণ্ডে কোনো ধরনের প্রভাব পড়লে সারা-ভিকিকেই দায় নিতে হবে।

আবার কেউ কেউ বলছেন, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া জরুরি। এ নিয়ে সারা বলেন, ‘আমরা সাবধানতার সঙ্গে স্বাস্হ্যবিধি মেনে শুটিং করেছি। চেষ্টা ছিল উত্সুক জনতার ভিড় সামলানোর। তাই আমার মনে হয় সমালোচকদের দাবি মূল্যহীন।’ তবে আপাতত নির্মাতা লক্ষ্মণ উতেকার পরিচালিত এই সিনেমাটির শুটিং শেষ হয়েছে বলে জানা গেছে।