তরুণীকে উত্যক্ত করার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে বেধরক পিটুনি দিয়েছে জনতা। এরপর ওই ব্যক্তিকে করা হয়েছে নগ্ন। ভারতের কর্ণাটকের হাসান জেলার মহারাজা পার্কে আজ বুধবার ঘটেছে এই ঘটনা।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম মেঘরাজ, বিজয়পুর জেলার বাসিন্দা। হাসান সিটিতে তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তরুণীকে উত্যক্ত করার পর মেঘরাজ পার্কে উদ্দেশ্যহীনভাবে ঘুরছিলেন। এরপর একদল ব্যক্তি মেঘরাজকে নির্যাতন শুরু করেন। পুলিশের হাতে তাকে তুলে না দিয়ে তাকে বেধড়ক মারে, কাপড় খুলে নেয়। এরপর নগ্ন করে ঘোরানো হয় মেঘরাজকে। এরপর পুলিশ এসে ঘটনা সামাল দেয়।
মেঘরাজকে পুলিশ দ্রুত জেলে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের পর হাসান সিটি পুলিশ মেঘরাজকে নির্যাতন ও নগ্ন করার অভিযোগে অজ্ঞাত চার জনের বিরুদ্ধে এফআইআর করেন।
হাসান সিটি পুলিশ এনডিটিভিকে বলেন, ওই ঘটনায় এক দল মানুষের করা অভিযোগ অনুযায়ী মেঘরাজের বিরুদ্ধে ওই তরুণী কোন অভিযোগ করেননি। তবে যেহেতু মেঘরাজকে পিটুনি ও নগ্ন করে ঘোরানো হয়েছে ওই তরুণী আমাদের কাছে অভিযোগ করেছে। আমরা অজ্ঞাত চার জনের বিরুদ্ধে এফআইআর করেছি।