আগামী নির্বাচনের আগেই এই সরকারের পতন হবে: গয়েশ্বরচন্দ্র রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, শেখ হাসিনার পতন ছাড়া খালেদা জিয়ার মুক্তি হবে না। এখন ভোট পাওয়ার যুদ্ধ নয়, এখন গণতন্ত্র রক্ষার যুদ্ধ। আপনারা ঐক্যবদ্ধ হোন। আগামী নির্বাচনের আগে এ সরকারের পতন হবেই। এই অবৈধ সরকারের পতন ঘটিয়ে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে দিনের বেলায় শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। 

বুধবার (১২ জানুয়ারি) বিকেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ফুটবল মাঠে খুলনা জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 

গয়েশ্বরচন্দ্র রায় সরকারের সমালোচনা করে বলেন, এ সরকার দিনের ভোট রাতে করে। মানুষ যাতে দিনের বেলায় নিজেদের ভোট নিজেই দিতে পারে আমরা এখন সেই যুদ্ধই করছি। তিনি বলেন, বিদেশ থেকে প্রবাসীরা রেমিটেন্স পাঠায় আর গর্ব করে শেখ হাসিনা বলেন এটা তিনি করেছেন। এ ব্যবস্থা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে বসে ছিলেন না; তিনি নিজেও এদেশে সশস্ত্র যুদ্ধ করেছিলেন। 

তিনি আরও বলেন, দেশের সব জায়গা এখন দুর্নীতিতে ছেয়ে গেছে। আর তা পাহারা দিচ্ছে এই সরকারের কিছু দুর্নীতিবাজ আমলা। 

ডুমুরিয়া উপজেলা প্রশাসনের অনুমতি না পাওয়ায় উপজেলা সদরের তিন কিলোমিটার দূরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া ফুটবল মাঠে কেন্দ্র ঘোষিত সমাবেশ করে বিএনপি। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক কুদরত-ই আমীর এজাজ খান। বক্তৃতা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহমান, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুণ্ডু, খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, আবুল হোসেন আজাদ, সাহারুজ্জামান মোর্ত্তুজা, তরিকুল ইসলাম জহির, অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, ওমর ফারুক কাওসার, মাহাবুব হাসান পিয়ারু প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহীন ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী।