‘মেসি পিএসজিকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে পারবে না’

সাধারণত ইউরোপের শীর্ষ পাঁচটি লিগের মধ্যে সবার শেষেই ফরাসি লিগকে বিবেচনা করা হয়। এর কারণ খুঁজতে খুব বড় বিশ্লেষক হওয়ার প্রয়োজন নেই। ইংলিশ, স্প্যানিশ, ইতালিয়ান কিংবা জার্মান লিগের একাধিক ক্লাব পুরো বিশ্বে পরিচিত। অন্যদিকে, ফরাসি লিগের মধ্যে কেবল পিএসজির (প্যারিস সেইন্ট জার্মেই) নামডাক রয়েছে।

তবে পিএসজি এখনো ইউরোপের শীর্ষ ক্লাব হয়ে ওঠতে পারেনি। এটা তখনই সম্ভব হবে যদি তারা চ্যাম্পিয়নস লিগ জিততে পারে। সেই লক্ষ্যে ক্লাবটির কাতারি মালিক তিন বছর আগে নেইমার ও এমবাপ্পেকে দলে ভিড়িয়েছে। কিন্তু তারা আসার পর সর্বোচ্চ সাফল্য একবার ফাইনাল খেলা ও আরেকবার সেমিফাইনাল। শিরোপার স্বপ্ন যে এখনো বাকি। তাইতো অধরা স্বপ্নটিকে বাস্তবে রূপ দিতে দলে ভেড়ানো হয়েছে লিওনেল মেসি ও সার্জিও রামোসকে।

এদিকে, মেসি পিএসজিকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে পারবেন না বলেই মনে করছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের সাবেক ফরাসি লেফটব্যাক প্যাট্রিস এভরা। সম্প্রতি লা পারিসিয়েনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ক্যারিয়ারে পাঁচবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলা সাবেক এই ফুটবলার মাত্র একবারই ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ শিরোপার স্বাদ পেয়েছেন। ফাইনালে তিনবার হেরেছেন লিওনেল মেসির বার্সার বিপক্ষে।

২০১৮ সালে অবসর নেওয়ার আগে ফ্রান্সের জার্সিতে ৮১টি ম্যাচ খেলেছেন এভরা। ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস, মোনাকো, নিসের মতো ক্লাবেই বেশি সময় কাটিয়েছেন। খেলেছেন মার্শেই ও ওয়েস্ট হামেও। সাক্ষাৎকারে তিনি আরও অনেক বিতর্কিত মন্তব্য করেছেন।