জমে উঠেছেন চলচ্চিত্র শিল্পী সমিতিরি নির্বাচন। এবারের প্রার্থীরাও ভোট চাইছেন। তবে এতোদিন নির্বাচনের বিষয়ে নীরব ছিলেন অনন্ত জলিল। আজ বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) অনন্ত জলিল তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে নির্বাচন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আমি আমার অবস্থান পরিষ্কার করতে চাই! শিল্পীদের পাশে আমি ছিলাম, আছি, থাকব। তবে কোনো ধরনের নির্বাচনের সঙ্গে আমি জড়িত থাকব না। হোক সেটি শিল্পী সমিতির নির্বাচন অথবা রাজনৈতিক নির্বাচন। আমি আমার গার্মেন্টসের ব্যবসা নিয়ে অনেক ব্যস্ত থাকি। সবাইকে ধন্যবাদ।’
আগামী ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের বিপক্ষে লড়বে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল।
এবার শিল্পী সমিতির নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। অন্যদুই সদস্য হলেন- বি এইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। সদস্য মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন।