ভারতে বড়সড় নাশকতার ছক, ৩ কেজি বোমা উদ্ধার 

ভারতের রাজধানী দিল্লিতে গাজিপুর নামে এক জনপ্রিয় ফুলের বাজারে একটি ব্যাগের ভেতর থেকে প্রায় তিন কেজি ওজনের বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। ওই বাজারের মাঝখান থেকে আজ শুক্রবার সকালে ওই বোমার ব্যাগ উদ্ধার করে দেশটির বোমা নিষ্ক্রিয় দল।  

ব্যাপক নাশকতার উদ্দেশ্যে অজ্ঞাতকারীরা এই প্রচেষ্টা চালিয়েছে বলে খবরে বলা হয়েছে। দেশটির পুলিশ ধারণা করছে, আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উদযাপনের আগে এটি সন্ত্রাসী হামলার প্রচেষ্টা। 

দেশটির পুলিশ সূত্রের খবর, সকাল ১০টা ২০ নাগাদ দিল্লির দমকল বাহিনীর কার্যালয়ে পরিত্যক্ত ব্যাগটি উদ্ধারের জন্য ফোন করা হয়। ফোনের সূত্র ধরেই দিল্লি পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। ব্যাগটিতে বিস্ফোরক থাকতে পারে সন্দেহে খবর দেওয়া হয় বিশেষজ্ঞ এনএসজি কমান্ডারদের। সঙ্গে পাঠানো হয় বোমা নিষ্ক্রিয় দল। পুরো এলাকা ফাঁকা করে বিস্ফোরকটি উদ্ধার করা হয়।  পরবর্তীতে বাজারের কাছে একটি ফাঁকা মাঠে বোমাটি নিষ্ক্রিয় করা হয়।  

দিল্লি পুলিশ জানিয়েছে, বোমাটি এমন সময় স্থাপন করা হয়েছে যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। এই ঘটনার পর শহরজুড়ে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরক ভরতি ব্যাগটি বাজারেই গড়াগড়ি খাচ্ছিলো। সময়মতো উদ্ধার করা না গেলে বড়সড় বিপদ হতো।

এই ঘটনার পেছনে কারা জড়িত তা এখন পর্যন্ত জানা যায়নি বলে দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।  দ্য হিন্দু, এনডিটিভি।