মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী বাজার এলাকার মেরিন টেকনোলজি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে করোনার টিকা নিতে এসে হুড়োহুড়ির ফলে অন্তত ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
জানা গেছে, ঐ কেন্দ্রে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) তিনটি উচ্চবিদ্যালয় ও একটি মহিলা মাদ্রাসার প্রায় ৩ হাজার ১০০ শিক্ষার্থীকে টিকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। সে অনুযায়ী টিকা দেওয়ার জন্য সকাল ৯টা থেকে ভিড় জমায় কয়েক হাজার শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। এ সময় শিক্ষার্থীদের প্রচণ্ড চাপের কারণে কমপক্ষে ১০ জন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে। ঘটনার সময় প্রতিষ্ঠানটির দেওয়াল টপকে শিক্ষার্থীদের টিকা কেন্দ্রে প্রবেশ করতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, সকাল ৯টায় এসেও দুপুর পর্যন্ত লাইনে দাঁড়িয়ে কেউ কেউ কেন্দ্রে প্রবেশ করতে পারেনি।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রণয় মান্না বলেন, চারটি প্রতিষ্ঠানের ৩ হাজার ১০০ জন শিক্ষার্থীকে টিকা দেওয়ার কথা ছিল। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ে টিকা কেন্দ্রে আসতে বলা হয়। কিন্তু সব শিক্ষার্থী সকাল ৯টার দিকে একসঙ্গে চলে আসায় জট সৃষ্টি হয়।
প্রথমে ১০টি বুথে টিকা দেওয়া শুরু হলেও পরে ১৫টি বুথে টিকা দেওয়া হয়। টিকা দেওয়ার জন্য এসি রুমের প্রয়োজন। উপজেলার অন্য কোনো প্রতিষ্ঠানে তা না থাকায় একটি প্রতিষ্ঠানেই টিকা দেওয়া হচ্ছে।