প্রতীক নিতে এসে লাঞ্ছিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী 

প্রতীক নিতে এসে নবাবগঞ্জের নয়নশ্রী ইউনিয়নের স্বতস্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান রিপন মোল্লা ঐ ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী পলাশ চৌধুরীর কর্মীদের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ করেছেন রিপন মোল্লা। 

শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ ভবনের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে শুক্রবার ছিল উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রার্থীদের প্রতীক বরাদ্দের দিন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নয়নশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী রিপন মোল্লা ও তার প্রস্তাবকারী সমর্থনকারীদের নিয়ে উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় যাওয়ার সময় উপজেলা পরিষদ ভবনের মূল ফটকের সামনে ওত পেতে থাকা নৌকা প্রতীকের প্রার্থী পলাশ চৌধুরীর উপস্থিতিতে তার নেতাকর্মীরা ও সর্মথকরা হামলা এবং তাকে মারধর করে। 

এ বিষয়ে পলাশ চৌধুরী বলেন ‘আমি প্রতীক বরাদ্দের চিঠি নিতে এসে দ্বিতীয় তলায় ছিলাম। এ বিষয়ে কিছু জানি না। এ ঘটনা ঘটে থাকলে বিষয়টি দুঃখজনক।’ নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক আলমগীর হোসেন বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।