নাসিক ভোটে উৎসবের আমেজ, অভিযোগ ইভিএম নিয়ে

মাঘের শীত উপেক্ষা করে সকাল থেকেই নারায়ণগঞ্জ সিটির ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের ভিড়। নির্বাচনের উত্তাপের কাছে যেন হেরে গেছে মাঘের শীত। আনন্দ-উচ্ছ্বাসের কমতি নেই ভোটারদের।

আজ রবিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ চলাকালে দুপুর একটা নাগাদ কোথাও থেকে বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটের সামগ্রিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রার্থী ও ভোটাররা।

ভোট শুরুর আগে থেকেই বিভিন্ন কেন্দ্রে জড়ো হতে থাকেন ভোটাররা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতিও বাড়তে থাকে। তবে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন থাকলেও ভোটগ্রহণে ধীরগতি লক্ষ্য করা গেছে। এর জন্য ইভিএমকে দায়ী করছেন ভোটাররা। ইভিএমে ভোট দিতে গিয়ে নানা সমস্যায় পড়ার কথাও জানিয়েছেন তারা। যদিও নতুন ভোটাররা ইভিএমে ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

সকাল থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন কেন্দ্র ঘুরে এই দৃশ্য দেখা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ভোটাররা। নির্বাচনে মেয়র পদে মূল প্রতিদ্বন্দ্বী সেলিনা হায়াৎ আইভী ও তৈমূর আলম খন্দকার উভয়েই ভোটের পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন।